সদরপুরে বিএনপির পাল্টা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পর এবার সদরপুর উপজেলায় বিএনপির পাল্টা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সদরপুরে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত বুধবার একটি কমিটি গঠন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কোটপাড় এলাকার আল-হিকমা প্রি-ক্যাডেট বিদ্যালয়ে শামিয়ানা টানিয়ে দুই ভাগে বিভক্ত জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের পক্ষ উপজেলা বিএনপির সম্মেলন করে। এতে প্রধান অতিথি ছিলেন জহিরুল হক। সম্মেলন শেষে গোলাম রব্বানীকে সভাপতি, কাজী বদরুতজামানকে সাধারণ সম্পাদক ও বাহালুল মাতুব্বরকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ-সমর্থিত অংশ সদরপুর কাজী হাসেম মার্কেটে উপজেলা সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জিয়া শিশু সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মোখলেছুর রহমান খানকে সভাপতি, এম এ মামুন খানকে সাধারণ সম্পাদক ও কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।
এর আগে গত মঙ্গল ও বুধবার বিভক্ত বিএনপির দুটি পক্ষ চরভদ্রাসন উপজেলায় পৃথক সম্মেলন করে উপজেলা বিএনপির নামে দুটি পৃথক কমিটি গঠন করে।