সদরপুরেও বিএনপির পকেট কমিটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির একাংশ ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদরপুর বাসস্ট্যান্ড এলাকার মোল্লা মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান খান। লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দেশব্যাপী দলের প্রকৃত, ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এ নির্দেশ উপেক্ষা করে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক কাজী বদরুত জামান তাঁদের অনুগত, অযোগ্য ব্যক্তিদের নিয়ে গোপনে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কমিটির নামে পকেট কমিটি গঠন করছেন।
লিখিত বক্তব্যে অবিলম্বে সদরপুর উপজেলার তৃণমূল পর্যায়ের সব ত্যাগী, পরীক্ষিত, যোগ্য ও জননন্দিত নেতা-কর্মীদের নিয়ে প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হারুন খন্দকার, কৃষক দলের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন প্রমুখ।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো গঠন করা শুরু হয়। এ কাজে মূল ভূমিকা পালন করছেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক কাজী বদরুত জামান। ৮ সেপ্টেম্বর পর্যন্ত নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ অস্বীকার করে কাজী বদরুত জামান বলেন, প্রকাশ্যে সম্মেলন করে ভোটের মাধ্যমে সবার উপস্থিতিতে কমিটিগুলো গঠন করা হচ্ছে। এটি কীভাবে পকেট কমিটি হয় তা বোধগম্য নয়। তিনি বলেন, যাঁরা এসব অভিযোগ করছেন, তাঁদের বিগত বছরগুলোতে মাঠে দেখা যায়নি, বরং আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের লেজুড়বৃত্তি করতে দেখা গেছে। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে যে মোকলেছুর রহমান খান লিখিত বক্তব্য পাঠ করেছেন, তাঁকে ২০০১ সালে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি।
এর আগে চরভদ্রাসন ও ভাঙ্গা বিএনপির একাংশ নিজ উপজেলায় পকেট কমিটি গঠনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।