সদস্য পদে আ.লীগ-আ.লীগ ভোটযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক পদে আছেন ইশতিয়াক আহমদ চৌধুরী। জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রার্থী তিনি। কিন্তু ওই ওয়ার্ডে যুবলীগের একজন সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে বিব্রত অবস্থায় পড়েছেন ইশতিয়াক আহমেদ।
এ বিষয়ে ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, ‘এটা আসলেই বিড়ম্বনার। একক প্রার্থী হলে এ নিয়ে কোনো প্রশ্ন উঠত না। আমি দলের জ্যেষ্ঠ নেতাদের বিষয়টি জানিয়েছি।’
এভাবে শুধু একটি ওয়ার্ডে নয়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ২০টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী সদস্যপদে নির্বাচন করছেন। তাঁরা সবাই দলের সমর্থন নিয়ে নির্বাচন করছেন বলে প্রচার চালাচ্ছেন। এতে একধরনের ভজকট অবস্থার সৃষ্টি হয়েছে। অথচ দল থেকে সদস্যপদে কাউকে সমর্থন বা মনোনয়ন দেওয়া হয়নি।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্যপদে প্রার্থী হয়েছেন ১১০ জন। সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডে নারী সদস্যপদে প্রার্থী ২৮ জন।
১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে প্রার্থী ১৩ জন। এর মধ্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, সম্মিলিত নাট্য জোটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ ১০ জন প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত বলে প্রচার করছেন। ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সাতজন, ৭ নম্বর ওয়ার্ডে তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৯ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ১০ নম্বর ওয়ার্ডে ছয়জন, ১১ নম্বর ওয়ার্ডে চারজন, ১২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ১৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৪ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৫ নম্বর ওয়ার্ডে চারজন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বলে প্রচার করছেন।
এ ছাড়া নারী সদস্যদের মধ্যে পাঁচটি ওয়ার্ডে ২৮ প্রার্থীর মধ্যে ২০ জন আওয়ামী লীগ-সমর্থিত বলে প্রচার করছেন। প্রতিটি ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের একাধিক নেত্রী রয়েছেন। দলীয় পদে থাকা নেত্রীরা দল-সমর্থিত বিষয়টি দলীয় পদ দেখিয়েও প্রচার করছেন। প্রতিদ্বন্দ্বী অন্যরা এ প্রচারণার বিরোধিতাও করছেন। এতে একধরনের বিব্রতকর অবস্থায় আছেন বলে জানান মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী।
এ বিষয়ে শহরতলির সাতটি ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভার ১৯ জন সরকারদলীয় জনপ্রতিনিধির (ভোটার) সঙ্গে কথা হয়। এ প্রসঙ্গে তাঁরা বলেন, ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে একধরনের অরাজকতা চলছে বলে তাঁরা জানান। তাঁদের ভাষ্য, দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছালে ঘরের শত্রু বিভীষণের মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘সদস্যপদে দলীয় সমর্থন বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা ছিল না। এরপরও আমরা স্থানীয়ভাবে সমঝোতা করে একক প্রার্থী করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে এটি সফল হয়নি। তাই এ বিষয়টি আমরা ভোটারের ওপর ছেড়ে দিয়েছি।’