যশোরে জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভায়রা। এ দুজনসহ ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী রয়েছেন পাঁচজন।
দুই ভায়রার একজন হলেন প্রণয় কান্তি চৌধুরী। তাঁর বাড়ি মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া গ্রামে। তিনি পেশায় শিক্ষক। নির্বাচনে তাঁর প্রতীক ঢোল। অপরজন হলেন শিবতোষ কুমার মণ্ডল। তাঁর বাড়ি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী। নির্বাচনে তাঁর প্রতীক টিউবওয়েল। তাঁরা দুজন মনিরামপুরের লখাইডাঙ্গা গ্রামের অপূর্ব মণ্ডলের দুই মেয়েকে বিয়ে করেছেন।
২৮ ডিসেম্বর বুধবার দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচনে ভোট হবে। যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর, নেহালপুর, কুলটিয়া ও হরিদাশকাটি এবং অভয়নগর উপজেলার পায়রা, সুন্দলী ও বাঘুটিয়া ইউনিয়ন নিয়ে ১১ নম্বর ওয়ার্ড গঠিত।
নির্বাচনে জয়ের ব্যাপারে দুই ভায়রাই আশাবাদী। শিবতোষ কুমার মণ্ডল বলেন, ‘আমি জনগণের সেবা করতে চাই। সে জন্য প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকে বেছে নেবেন এবং আমি জয়ী হব।’
প্রণয় কান্তি চৌধুরী বলেন, ‘আমার অবস্থান ভালো। আশা করি নির্বাচনে জয়ী হব।’