সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করলেও ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি উপজেলা শাখার সভাপতি।

জেলা পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ওয়ার্ডটি চরভদ্রাসন উপজেলার চারটি ও পাশের সদরপুর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত।

এই ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদেরই একজন চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি মোতাজ্জেল হোসেন। তিনি (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অপর দুজন প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসাহাক মিয়া (অটোরিকশা) ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান-সমর্থিত গোলাম রব্বানী (তালা-চাবি)।

দল নির্বাচন বর্জন করলেও সেই দলের একজন স্থানীয় নেতার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি এলাকার রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী প্রথম আলোকে বলেন, উপজেলা বিএনপি সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলের সঙ্গে কোনো আলোচনা করেননি। কিংবা দলও তাঁকে নির্বাচনে দাঁড়াতে বলেনি। তিনি (সভাপতি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ‘বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের অবস্থানগত বা ভাবমূর্তিগত কোনো সমস্যা হয়নি’ দাবি করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আমি জানি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে বিএনপি।’

জেলা বিএনপির সভাপতি জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ আগে বলেনি।’ তিনি বলেন, দল যে নির্বাচন বর্জন করেছে সে নির্বাচনে অংশ নেওয়া দলের আদর্শের পরিপন্থী। দলের আদর্শের বাইরে যাওয়া ঠিক হবে না, বিষয়টি খতিয়ে দেখা হবে।

মোতাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপির নেতা-কর্মীদের কারণে নয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের চাপে নির্বাচন করছি। আমি প্রার্থী হওয়ার পর বিএনপির জেলা বা উপজেলা পর্যায়ের কোনো নেতার সঙ্গে কোনো আলাপ করিনি কিংবা কোনো নেতা আমার বিরোধিতাও করেননি।’