সদস্য পদে মন্ত্রী-সাংসদের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মন্ত্রী ও সংসদ সদস্যের ছেলেরাও প্রার্থী হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছেলে অভিজিৎ চন্দ। এদিকে, ১৩ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে এস এস খালেদীন রশিদী সুকর্ণ।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডে (বটিয়াঘাটা-ডুমুরিয়া-আড়ংঘাটা) তালা প্রতীক নিয়ে লড়ছেন অভিজিৎ চন্দ। এ ওয়ার্ডে অন্য দুই সদস্য প্রার্থী মোল্লা মো. মিজানুর রহমান (টিউবওয়েল) ও রবীন্দ্রনাথ ঢালী (বৈদ্যুতিক পাখা)।

অভিজিৎ চন্দ্র বলেন, ‘জনগণের কল্যাণে তৃণমূল থেকে রাজনীতি শুরু করতে চাই। এ জন্য সদস্য পদে নির্বাচন করছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

১৩ নম্বর ওয়ার্ডে (তেরখাদা) সদস্য পদে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে এ জি এম বাছিতুল হাবিব মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খালেদীন রশিদী। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি স্নাতক উত্তীর্ণ। আইটি ব্যবসা, মাছের ঘের ও কৃষি খাত থেকে আয় করেন। বছরে তাঁর আয় ৫৩ লাখ টাকা।