ঢাকা জেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সদস্যপদের প্রার্থী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরীর প্রচারণায় বাধা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ইউসুফ আলী সাংবাদিকদের কাছে প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
ইউসুফ আলী কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী (তালা প্রতীকের) প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন ও তাঁর লোকজন আমার নির্বাচনী প্রচারণায় বাধা দেন। আমার নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। তাঁরা আমার কর্মীদের নানাভাবে হুমকি দিয়ে নির্বাচনী কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি আমি নির্বাচনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি।’
সোহরাব হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
১২ নম্বর ওয়ার্ডের কোণাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী বাধা-সংক্রান্ত লিখিত ও মৌখিক অভিযোগ কোনো প্রার্থীর পক্ষ থেকে পাইনি।’