পুলিশি বাধায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিত স্থানে হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে ওই কার্যক্রম কুমিল্লা টাউন হল মিলনায়তনে হওয়ার কথা ছিল।
অভিযোগ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, যেহেতু শোকের মাস, তাই হয়তো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তাঁদের কোনো বাধা দেয়নি। ওনারাও টাউন হলে যাননি।
উদ্ভূত পরিস্থিতিতে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে নগরের ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ দাবি করেন, ‘গতকাল বেলা তিনটায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানের প্রধান অতিথি থাকার কথা ছিল। দলের পক্ষ থেকে সহদপ্তর সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া ৪ আগস্ট জেলা পুলিশ সুপারের কাছে অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করেন। এরপর পুলিশ সুপারের কার্যালয় থেকে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট কুমিল্লা জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদককে অনুরোধ করেন। হঠাৎ গত সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পুলিশ ফোন করে জানায়, টাউন হলে বিএনপির নির্ধারিত অনুষ্ঠান হবে না। কী কারণে হবে না, সে সম্পর্কে পুলিশ বিস্তারিত কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে। তাই বাধ্য হয়ে আমরা আর ওই অনুষ্ঠান সেখানে করিনি। বিষয়টি সংশ্লিষ্ট অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে।’
আমিন উর রশিদ আরও বলেন, ‘বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম একটি ছোট অনুষ্ঠান। ওই অনুষ্ঠান সরকারবিরোধী কোনো কথা বলার জন্য নয়। গণতন্ত্রে মিছিল-মিটিং করার অধিকার আছে। তাই বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠান করার অনুমতি চায়। আমরা ওই কর্মসূচি বানচালের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। তবে এটা বিশ্বাস করি, সরকার আমাদের দলের প্রতি মানুষের টান দেখে ভীত হয়ে পড়েছে। এ দেশে গণতন্ত্র কোন পর্যায়ে আছে, তা অনুষ্ঠান বানচালের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। এ ধরনের বাধা দিয়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম ঠেকানো যাবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, বর্তমান সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারী, জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।