সদস্যপদ নিয়ে সোনারগাঁ আ.লীগে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদের প্রার্থী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কোন্দল নতুন করে দানা বাঁধছে। উভয় পক্ষ আলাদাভাবে পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ইতিমধ্যে তাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাঁর চাচা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। অন্য পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

>জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ না থাকলেও দলের দুই পক্ষ আলাদাভাবে চারজন করে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিভিন্ন সভায় এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করে বক্তব্য দিতে শুরু করেছে

জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ না থাকলেও চার প্রার্থীর নাম ঘোষণা করেছে শামসুল ইসলাম ভূঁইয়ার পক্ষ। এর মধ্যে রয়েছেন শামসুল ইসলাম ভূঁইয়া ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সাবেক নেতা আবু নাইম ইকবাল ও সংরক্ষিত নারী আসনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমার নাম প্রকাশ করে।
এদিকে আবদুল্লাহ আল কায়সার পক্ষের চার প্রার্থী হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নূরজাহান বেগম, ফারুক ভূঁইয়া ও সাইদুর রহমান।
এই নির্বাচন ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন সভায় এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করে বক্তব্য দিতে শুরু করেছে।
শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা দলের ঐক্য চেয়েছিলাম। ত্যাগী নেতা-কর্মীদের সমর্থন দিয়েছি। জেলা আওয়ামী লীগ ও শরিক দল জাতীয় পার্টিও তাঁদের সমর্থন দিয়েছে। কিন্তু শুধু বিরোধিতার জন্য অপর পক্ষ প্রার্থী দিয়েছে। এতে নতুন করে দলীয় কোন্দল বাড়ছে।’
আবদুল্লাহ আল কায়সার বলেন, দলীয়ভাবে আলোচনা ছাড়াই স্বজনপ্রীতি করে তাঁরা প্রার্থী সমর্থন দিয়েছেন। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করার কারণে দলে প্রকাশ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে।