সদস্যপদ সংগ্রহের ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডে এক হাজার করে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে ৩৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির নেতাদের কাছে আনুষ্ঠানিকভাবে ফরম তুলে দেন।
ফরম বিতরণ করার আগে নাসিমন ভবন চত্বরে আয়োজিত সমাবেশে শাহাদাত হোসেন বলেন, প্রথম পর্যায়ে নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টিতে এ কর্মসূচি চলবে। যাঁরা সদস্যপদ ফরম পূরণ করবেন, তাঁদের প্রত্যেককে রক্তের গ্রুপ উল্লেখ করতে হবে। যাতে মুমূর্ষু রোগীর জরুরি প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীরা রক্ত দিয়ে উপকার করতে পারেন। তিনি বলেন, প্রথম দফায় প্রতি ওয়ার্ডে ৫০০ করে সদস্য সংগ্রহের ফরম দেওয়া হয়েছে। পরে আরও ৫০০ করে ফরম বিতরণ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে ৩৯ ওয়ার্ডে ৩৯ হাজার সদস্য সংগ্রহ করার চেষ্টা থাকবে।
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, সদস্যপদ সংগ্রহের যে অভিযান শুরু হয়েছে, তা সারা দেশের জন্য মডেল হয়ে থাকবে।
এর আগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজীর দেউড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম। কাজীর দেউড়ি মোড় থেকে মিছিলটি নাসিমন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
নাসিমন ভবন চত্বরের সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, মিথ্যা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এক-এগারোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এসব মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা প্রত্যাহার করা হয়নি। উল্টো নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে।
নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়ার সমালোচনা করে মীর নাছির দাবি করেন, সার্চ কমিটি গঠন সংবিধান পরিপন্থী। নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে তাঁদের যোগ্যতা ও নিয়োগ-সংক্রান্ত আইন সংসদে পাস করতে হবে।
সমাবেশে শাহাদাত হোসেন দাবি করেন, সরকার জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে যতই মামলা দিয়েছে, বিএনপি তত বেশি জনপ্রিয় হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের এই ষড়যন্ত্র জনগণ বানচাল করে দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর একটি মন্তব্যের সমালোচনা করে শাহাদাত হোসেন বলেন, কারও দয়ায় এই দেশ স্বাধীন হয়নি। দেশ স্বাধীন করতে ৩০ লাখ শহীদের রক্ত ঝরেছে। অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।