সন্ত্রাস গ্রামপর্যায়ে ঢুকিয়ে দিয়েছে সরকার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে সরকার গ্রামপর্যায়ে সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে গ্রামের মানুষ ও সমাজকে বিভক্ত করে ফেলা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমবেদনা জানানোর সময় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জোর করে, ভোট চুরি করে তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে। তারা শুধু এখানেই ক্ষান্ত হয়নি, পরবর্তী সময়ে তাদের সন্ত্রাসীরা প্রতিপক্ষ বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ করে ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, রমেশ চন্দ্র সেন এমপির (ঠাকুরগাঁও-১) এলাকা রুহিয়া ইউনিয়নের নির্বাচনে ধানের শীষ জয়ী হয়। কিন্তু সে ফলাফলকে এমপির নির্দেশে উপজেলা পরিষদে নিয়ে পাল্টিয়ে দেওয়া হয়েছে। তাঁরই নির্দেশে ইউপি নির্বাচনে সন্ত্রাস করে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের অধীনে ও বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।

বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিন দেশের মানুষ খুন হচ্ছে। গতকাল (রোববার) একজন এসপির স্ত্রীকে প্রকাশ্যে খুন করা হয়েছে। এমন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে মির্জা ফখরুল নির্বাচনী সহিংসতায় বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বাজারে ইউনিয়ন যুবদল সভাপতি মো. হাবিব, গোলাম মোস্তফা, রেজাউল করিম ও মো. বকুলের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন।