সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি হরতাল-অবরোধের নামে সন্ত্রাস করছে। সন্ত্রাস দমনে আইন আছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই আইন ব্যবহার করা হবে। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে শতভাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
হরতাল-অবরোধ বন্ধে আইন হবে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘জনগণ যে আইন মেনে নেবে না, সে আইন করা যাবে না। জনগণ চাইলে হরতালবিরোধী আইন হবে। কিন্তু এখন যা হচ্ছে, তা হরতাল নয়। বোমার ভয়ে মানুষ ঘর থেকে বের হতে চায় না। আগুনে পোড়ার ভয়ে গাড়ি বের করছে না। যারা এসব করছে তারা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং জনসভা করতে না দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়নি। এর আগে তিনি সারা দেশে সভা করেছেন, বাধা দেওয়া হয়নি। ৫ জানুয়ারি তাঁকে আটকানো না হলে পাঁচজনের জায়গায় ৫০০ জন মারা যেত। অবরোধের নামে তাঁরা সন্ত্রাস করছেন। সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দিয়েছে।’ চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসরে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আলোচনার কথা বললে জানাতে হবে তাদের এজেন্ডা কী? সন্ত্রাস করে গান পয়েন্টে অথবা বোমা মেরে সরকারকে আলোচনায় বসানো যাবে না। সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পেশাদার খুনিরা কাউকে খুন করলে তা প্রমাণ করা কষ্ট হয়ে যায়। সাগর-রুনি হত্যাকাণ্ডের সুরাহা সেই কারণে হচ্ছে না। তদন্ত চলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।