সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে আলোচনা নয়: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সরকার পরিবর্তন করা যাবে না। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এখন অবরোধের নামে পুড়িয়ে মানুষ মেরে সেই ভুলের খেসারত জনগণকে দিতে বাধ্য করছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বলিয়ারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার সড়ক ও সেতুর ভিত্তি স্থাপন করে। কিন্তু সেই কাজ আর বাস্তবায়িত হয় না। আওয়ামী লীগ কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়।
এর আগে মন্ত্রী হেলিকপ্টারে করে সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার জুমারবাড়ি আদর্শ কলেজ মাঠে নামেন। পরে তিনি গাইবান্ধার সাঘাটা-জুমারবাড়ি-বগুড়া সড়কের মেলান্দহ সেতুর উদ্বোধন করেন। দুপুরে তিনি ঢাকায় ফিরে যান।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৯ সালে গাইবান্ধার সাঘাটা-জুমারবাড়ি-বগুড়া সড়কে বাঙ্গালি নদীর ওপর ২৯১ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩ মিটার প্রস্থ মেলান্দহ সেতুর নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ ১৫ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয় ২৬ কোটি ১৫ লাখ টাকা।
জানতে চাইলে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ায় সড়কপথে গাইবান্ধার সঙ্গে রাজধানী ঢাকার প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরত্ব কমে গেল।