সন্ত্রাস সহিংসতা রাজনীতির পথ হতে পারে না: নূর

সন্ত্রাস এবং সহিংসতা রাজনীতির পথ হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পশ্চিমবঙ্গের কলকাতায় ঐতিহ্যবাহী বইমেলায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে আসাদুজ্জামান নূর এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস এবং সহিংসতা রাজনীতির পথ হতে পারে না। সন্ত্রাস এবং সহিংসতা কোনো মানুষ বা দেশের কল্যাণ বয়ে আনে না। এতে মানুষের জীবন হানি হয়, বিপন্ন হয়। দেশ পিছিয়ে পড়ে। তাই দেশ থেকে সন্ত্রাস এবং সহিংসতা রোধের জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়া। এই লক্ষ্যে আমাদের দুদেশকেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। ’
আসাদুজ্জামান নূর আশাবাদী, অচিরেই ভারতের সঙ্গে তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদিত হবে। তিনি বলেন, ‘এই চুক্তি সম্পাদন হলে আমাদের দেশের কৈবর্তরাও ফিরে পাবে নতুন জীবন। ’ মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের আগামী মাসে বাংলাদেশ সফর ঘিরে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই সফর আমাদের দুদেশের মৈত্রী বন্ধনকে আরও দৃঢ় করবে। ’ মন্ত্রী এ কথাও বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া কৈবর্ত সম্প্রদায় নিয়ে হরিশংকর জলদাসের প্রবন্ধ সময়োপযোগী। ’
বাংলাদেশ দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বইমেলা চত্বরের এস বি আই মিলনায়তনে আয়োজন করা হয় একটি বিশেষ সেমিনারের। সেমিনারের বিষয়বস্তু ‘বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত জীবনসংগ্রাম’। মূল প্রবন্ধ পড়েন অধ্যাপক হরিশংকর জলদাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার দাস। সভাপতিত্ব করেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। মূল প্রবন্ধকার হরিশংকর জলদাস বাংলাদেশের কৈবর্তদের জীবনের বিভিন্ন দিকের কথা তুলে ধরে বলেন, ‘কৈবর্তরা এখনো পশ্চাৎপদ সম্প্রদায়। এদের নিয়ে তেমন সাহিত্যও রচিত হয়নি। এদের উন্নয়নের জন্য আমাদের নতুন করে ভাবতে হবে। ’
সভাপতির ভাষণে আনিসুজ্জামান কৈবর্তদের জীবন নিয়ে হরিশংকর জলদাসের প্রবন্ধের প্রশংসা করে আমাদের দেশের পিছিয়ে পড়া এই কৈবর্ত সম্প্রদায়কে নতুন করে জীবনের পথ দেখাতে হবে। ’ প্রসঙ্গত, এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৩২ টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে রয়েছে পাঁচটি সরকারি।
এবার ৩ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি গড়া হচ্ছে নাটোরের ঐতিহাসিক ’উত্তরা গণভবন’এর আদলে।