সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়েছে বিএনপি-জামায়াত: হাছান
ব্রাসেলস ও প্যারিসের সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশে বিদেশিদের ওপর হামলা ও হত্যা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়েছে বিএনপি-জামায়াত জোট।
ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ক্ষমতার অভিলাষ চরিতার্থ করার জন্য তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিদেশি ও ব্লগার হত্যাকাণ্ড বিএনপি-জামায়াত জোটের ছত্রচ্ছায়ায় হয়েছিল। তিনি বলেন, যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে, মানুষ পুড়িয়ে মারে, তারা মানবতার শত্রু। এসব সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ঘনিষ্ঠভাবে কাজ করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতে সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী ফরচুন ম্যাগাজিনের করা বিশ্বের শীর্ষ ৫০ জন নেতার মধ্যে দশম স্থানে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী আক্তার তনুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।
সংগঠনটির সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।