সন্ত্রাসবাদের বিস্তারকে ছোট করে দেখার অবকাশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে উগ্র সন্ত্রাসবাদের বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ
এম এরশাদ। তিনি বলেন, ‘এটি এখন ব্যক্তি নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। সন্ত্রাসবাদমুক্ত নিরাপদ দেশ হিসেবে আমাদের পরিচয় আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ।’
গুলশানে ‘হলি আর্টিজান বেকারি’তে সন্ত্রাসীর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ মন্তব্য করেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ উল্লেখ করেন, কয়েক দিন আগে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে আবারও সেই আহ্বানের পুনর্ব্যক্ত করেন এরশাদ।
এরশাদ গুলশান ট্র্যাজেডির উল্লেখ করে বলেন, ‘এ ধরনের বেপরোয়া ও পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখা গেল। একই সঙ্গে দেশে ক্রমাগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত, পাদরি, সেবায়েত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। এসব ঘটনা আমাদের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে তুলছে।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য, দেশি-বিদেশি বিনিয়োগ, পর্যটন ছাড়াও দ্বিপক্ষীয় যেকোনো সম্পর্ক
ও কর্মকাণ্ডে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে ধরে নেওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির সম্মুখীন। ফলে সাধারণ মানুষের ভোগান্তি হবে অপরিসীম।
বিবৃতিতে এরশাদ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও আহত ব্যক্তিদের আশু সুস্থতা কামনা করেন।