সন্ত্রাসবিরোধী সভার মঞ্চে নাশকতা মামলার আসামি
বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বুধবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটির মতবিনিময় সভার মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন একাধিক নাশকতার মামলার এক আসামি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সভার অন্য অংশগ্রহণকারীরা।
নাশকতার মামলার ওই আসামি হলেন দবিবর রহমান। তিনি শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি।
গতকাল বেলা সাড়ে ১১টায় শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে (আরডিএ) ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি এ সভার আয়োজন করে। সভায় শেরপুর উপজেলা পরিষদ ও পৌরসভার পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেলে এ সভা শেষ হয়।
বগুড়া জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটির সদস্যসচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। মঞ্চে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক এ কে এম জাকারিয়া প্রমুখ। মঞ্চে জাকারিয়ার বাঁ পাশে বসেছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা দবিবর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। দেশে জঙ্গিদের কোনো স্থান হবে না।
মতবিনিময় সভায় বক্তব্যে দবিবর রহমান বলেন, জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হতে পারলে বাংলাদেশ বিশ্বের কাছে সোনার দেশে পরিণত হবে। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্যে তিনি বলেন, অন্যায়কে ন্যায় করার জন্য দেশটা খারাপের দিকে যাচ্ছে।
উপজেলার গাড়িদহ ইউপির সদস্য আনোয়ার হোসেনসহ সভায় যোগ দেওয়া চারজন ইউপি সদস্য বলেন, বিগত সময়ে আন্দোলনের নামে উপজেলার মহাসড়ক এলাকায় বিভিন্ন সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। এমন একাধিক ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি দবিবর। তাঁর মতো ব্যক্তিকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভার মঞ্চে তোলায় তাঁরা বিস্মিত হয়েছেন।
শেরপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, জামায়াত নেতা দবিবর রহমানের বিরুদ্ধে শেরপুর ও বগুড়া সদর থানায় একাধিক নাশকতার মামলা হয়। শেরপুর থানায় হওয়া মামলাগুলো তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মতবিনিময় সভার সভাপতি আওয়ামী লীগ নেতা মজিবর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের এই আয়োজন ছিল উপজেলার জনপ্রতিনিধিদের নিয়েই। দবিবর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় তাঁকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল।
এ ব্যাপারে কথা বলার জন্য দবিবর রহমানের মুঠোফোনে ফোন করা হলে তাঁর স্ত্রী পরিচয়ে এক নারী ফোন ধরে বলেন, দবিবর রহমান ঘুমাচ্ছেন।