বিরোধী দল আন্দোলন করে সরকারকে বিপদে ফেলতে পারবে বলে মনে করেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিপদ বিরোধী দল নয়। সন্ত্রাসী, উগ্রবাদীরাই বিপদ। এখন তারা নিষ্ক্রিয়, এটি ভাবা ঠিক হবে না। সন্ত্রাসীদের প্রতিহত করতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতিতে রোল মডেল। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। অতীতের সব অর্জনকে হার মানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মতো সাহসী ভূমিকা আর কারও ছিল না। কূটনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি যে দক্ষতা অর্জন করেছেন, তা আর কেউ পারেননি।
মন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এখন থেকেই কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি নিতে হবে। সেখানে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দলের নেত্রী শেখ হাসিনা যা ভালো মনে করবেন, তা কাউন্সিলররা মেনে নেবেন। এ নিয়ে কারও দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
গতকাল সন্ধ্যায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নোয়াখালী পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান।
সেতুমন্ত্রী গতকাল সকালে নোয়াখালীর প্রয়াত সাংবাদিক বিজন সেনের মাইজদীর হাউজিং এস্টেটের বাসায় যান। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা নেই।
এ সময় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ উপস্থিত ছিলেন।