সন্ত্রাসী-বিএনপিকে নিয়ে সমাবেশ করছেন মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর করা খুনের অভিযোগের পক্ষে তথ্য-উপাত্ত চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মহিউদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে ২৫ থেকে ৩০ বছর ধরে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন এবং বিষোদগার করে আসছেন বলেও অভিযোগ করেন মেয়র।
আজ মঙ্গলবার চট্টগ্রাম আন্দরকিল্লায় নগর ভবনের মেয়র কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান মেয়র আ জ ম নাছির। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন চৌধুরী সভাপতি।
গতকাল সোমবার বিকেল লালদীঘি মাঠে আয়োজিত এক জনসভায় মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাঁর দাবি, ‘উনি (নাছির) হেসে হেসে লোককে গুলি করতে পারেন। মানুষ খুন করতে পারেন। ১২টা লোককে হত্যা করেছেন।’
এ অভিযোগ প্রসঙ্গে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘উনি (মহিউদ্দিন চৌধুরী) বলেছেন আমি ১২টা খুন করেছি, আমি হাসতে হাসতে গুলি করতে পারি—এটা উনি কোথায় পেয়েছেন? এর ডকুমেন্টারি তথ্য-উপাত্ত দেওয়া হোক। সাংবাদিকদের মাধ্যমে আমি এ দাবি জানাচ্ছি।’
মহিউদ্দিন চৌধুরী ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, খুনি ও বিএনপি নেতাদের নিয়ে লালদীঘি মাঠে সমাবেশ করেছেন বলে অভিযোগ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মহিউদ্দিনের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিন বলেন, ‘অভিভাবকত্ব করতে চাইলে এসে আমাকে বলবেন বা পরামর্শ দেবেন। আমরা একসঙ্গে মিটিং করি। উনি তো ওখানে বলতে পারতেন। ওনার পাগলামি আমি কেয়ার করি না। কালকে যা বলেছেন, সব পাগলের প্রলাপ।’
সাংবাদিকদের আ জ ম নাছির উদ্দীন বলেন, মহিউদ্দিন চৌধুরী ঢালাও অভিযোগ করেছেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সুনির্দিষ্ট করা প্রয়োজন। তিনজন সংসদ সদস্যকে নিয়ে কথা বলেছেন। তাঁদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দিয়েছেন উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কারও কোনো বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। সেখানে বলতে না পারলে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করতে পারেন। আর মেয়াদের এক বছর আট মাসের মাথায় সমালোচনার বিস্ময়কর ঘটনা। মেয়াদ শেষে নগরবাসী তাঁর কাজের সফলতা-ব্যর্থতার মূল্যায়ন করবেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘সমাবেশের এক জায়গায় বলেছেন, আমি মনোনয়ন ক্রয় করেছি। মনোনয়ন বোর্ডের প্রধান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় নেতা, চট্টগ্রামের স্থানীয় প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা করে মনোনয়নের ঘোষণা দিয়েছেন। তাহলে টাকা কে খেয়েছে। টাকা দিয়ে যদি মনোনয়ন দেন—তাহলে উনি কাকে মিন করেছেন—আমি এটা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে উনাকে খোলাসা করার জন্য বলব। টাকাটা কে নিয়েছেন। উনি যদি জানেন বলেন, টাকাটা কে নিয়েছে, কীভাবে নিয়েছেন।’
মঙ্গলবার দুপুরে মহিউদ্দিন চৌধুরী অবশ্য বলেন, ‘মনোনয়ন কেনার কথা আমি বলিনি। প্রধানমন্ত্রী তাঁকে মনোনয়ন দিয়েছেন। সবাই তাঁর জন্য কাজ করেছেন।’
সিটি করপোরেশন তালাবদ্ধ রেখে বন্দর চেয়ারম্যানের সঙ্গে বসে আলোচনা করার বিষয়টি অস্বীকার করে মেয়র বলেন, সিটি করপোরেশন ও বন্দরে সিসি ক্যামেরা আছে। ভিডিও ফুটেজ নিলে উত্তরটা পাওয়া যাবে।
মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকার সময় অনেক অপরিকল্পিত কাজ করছেন বলে দাবি করে মেয়র বলেন, নালার ওপর প্রতিষ্ঠান ও মার্কেট গড়ে তুলেছেন। পথচারীদের ফুটপাতে হকারদের বসিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রকল্প না নিয়ে অপ্রয়োজনীয় আয়বর্ধক প্রকল্প করে কোটি কোটি টাকা অপচয় করেছেন; যা দুর্নীতির পর্যায়ে পড়ে। চাক্তাই খাল খননের জন্য চীন থেকে নিয়ম না মেনে যন্ত্রপাতি ক্রয় করেছেন। কিন্তু তা ব্যবহার করা হয়নি। বিনা টেন্ডারে অনেক কিছু হয়েছে।
জলাবদ্ধতা সৃষ্টির জন্য সিটি করপোরেশনকে দায়ী করা হয় বলে মন্তব্য করে মেয়র বলেন, সিটি করপোরেশনের জন্য একটি মহাপরিকল্পনা ছিল। ২০ বছরেও তা বাস্তবায়নে সিটি করপোরেশন উদ্যোগ গ্রহণ করেনি। পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা গড়ে তোলা হয়নি। নগর উন্নয়নে কার আমলে কতটুকু উন্নয়ন হয়েছে, তার সবকিছু নথিভুক্ত আছে বলে জানান।
মহিউদ্দিন চৌধুরীর কথার কোনো সত্যতা নেই উল্লেখ করে মেয়র বলেন, গোয়েবলস বেঁচে থাকলে আজ লজ্জা পেতেন। তিনি বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। দুষ্টু লোকেরা বলছেন, উনি মেয়রের হতে চেয়েছেন, হতে পারেননি। এখন যেহেতু বয়স হয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার দেখছেন।
নেপথ্যে থেকে অনেক কলকাঠি নেড়ে ব্যর্থ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মেয়র। তিনি জানান, সিটি করপোরেশনের নির্ধারিত কাজগুলো পরিকল্পিত উপায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
বিলবোর্ড উচ্ছেদসহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর ভালোবাসা পাচ্ছেন বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসাটা অন্যের জন্য হুমকি তৈরি হয়েছে।’