সন্ত্রাসী হামলার প্রতিবাদে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ ব্রিজসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ মেহেদীর নেতৃত্বে হামলার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল আরা, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহ জালাল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও সাঈদ মেহেদী এলাকার জামায়াত-শিবিরের লোকদের সঙ্গে সখ্য গড়ে তুলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে চলেছেন।
তবে সাঈদ মেহেদী মুঠোফোনে বলেন, রুহুল আমিনকে মারধরের ঘটনায় তিনি জড়িত নন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান চাপ প্রয়োগ করে তাঁর নামে মিথ্যা মামলা করেছেন। আবার এখন এসব সভা সমাবেশ করছেন।