সন্ত্রাসীরা আটক না হওয়ায় নির্বাচনে সহিংসতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখা।
গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে সুজনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক দল ও পদবি দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সহিংসতা আরও বাড়ছে। সহিংসতার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা বা আটক করা হচ্ছে না বলেই আরও সহিংসতা বাড়ছে। সন্ত্রাসীদের গুলিতে এ পর্যন্ত টেকনাফ, রামু ও মহেশখালীতে ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন।
লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, গত ২৮ মে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত আটটার পর একজন ইউপি সদস্য প্রার্থী ভোট না দেওয়ার অভিযোগে স্থানীয় হিন্দুপল্লিতে হামলা চালায় এবং একটি লোকনাথ ধামসহ ২০টির বেশি হিন্দু বসতিতে ভাঙচুর চালায়। এটা একটি কলঙ্কজনক ঘটনা।
সুজনের সভাপতি আবদুল বারী বলেন, ৪ জুন উখিয়া, রামু ও কক্সবাজার সদর উপজেলার ১৭টি ইউপিতে নির্বাচন হবে। কিন্তু ভোটকেন্দ্র দখল ও শক্তি প্রয়োগ নিয়ে একাধিক পক্ষ নির্বাচনের আগেই মুখোমুখি অবস্থানে। এ নিয়ে ভোটাররা শঙ্কিত। তাই ভোটের আগে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার জরুরি। অন্যথায় প্রাণহানির ঘটনা আরও বাড়বে।