সন্ত্রাসের অন্ধ গলিতে পথ হারিয়েছে সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

জুলহাজ মান্নান ও মাহবুব তনয়ের হত্যাকাণ্ডের পর বিএনপি জামায়াত এসবের সঙ্গে জড়িত বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের বলেন, সন্ত্রাসনির্ভর এই সরকার সন্ত্রাসের অন্ধ গলিতে পথ হারিয়ে ফেলে এখন উন্মাদের মতো কথা বলছে।
রিজভী বলেন, আইনি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী চটজলদি কী করে বললেন, হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জামাত জড়িত? এর অর্থ দাঁড়ায়, নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই, জনদৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্যই, তারা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, হত্যাকে উৎসাহিত করাই আওয়ামী লীগের সংস্কৃতি, বিএনপির নয়। প্রধানমন্ত্রী একটির বদলে ১০টি লাশ ফেলার নির্দেশ দিয়েছিলেন। তাঁর ক্যাডাররা সেটি করতে পারছে না বলে, বিদ্রূপ করে বলেছিলেন শাড়ি পরতে। সুতরাং হিংসাত্মক আক্রমণ, খুন, গুম, অপহরণ আওয়ামী লীগের জন্মগত বৈশিষ্ট্য। ইতিমধ্যে যত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তার কোনোটিরই সুরাহা করতে পারেনি ভোটারবিহীন সরকার। শুধুমাত্র আস্ফালন, হুমকি আর নিজেদের অপকীর্তি অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক শফিক রেহমানকে দ্বিতীয় দফায় আরও পাঁচ দিন রিমান্ডে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ইতিমধ্যে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমান বলেছেন, মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।