সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তিন জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তায় আল জামিআতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তায় আল জামিআতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জে গতকাল বুধবার ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই উদ্দেশ্যে গাজীপুর ও নরসিংদীতে মানববন্ধন করা হয়।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

মুন্সিগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা চৌরাস্তায় আল জামিআতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবিরোধী মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্ররা। এতে মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। বরং সন্ত্রাস নির্মূল ও দমন করাই ইসলামের প্রতিশ্রুতি। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ লালন করে, সমর্থন করে বা পৃষ্ঠপোষকতা দেয়, তারা সমাজের মানুষের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা শান্তি চায় না। তারা চায় নৈরাজ্য ও অরাজকতা।

গাজীপুর: সকালে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা শাখার উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার স্কাউট ও স্কাউট লিডার অংশ নেয়।

জেলা স্কাউটসের কমিশনার ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এস এম আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, জেলা স্কাউটসের সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।

একই সময়ে জঙ্গিবাদের বিরুদ্ধে গাজীপুর জেলা পুস্তক প্রকাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

নরসিংদী: দুপুরে শহরের উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে।

জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হানিফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি শেষে বক্তৃতা করেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা, জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মুমতাজ উদ্দিন আহমেদ, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।