সন্দেহভাজনদের আটকে পুলিশের অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম কার্ড জালিয়াতি করে দেশি-বিদেশিদের টাকা তুলে নেওয়ার ঘটনায় করা পৃথক পাঁচ মামলার তদন্ত নিয়ে ‘চুপ’ হয়ে আছে পুলিশ। এর মধ্যে চার মামলায় আড়াই মাস আগে পুলিশ বলেছিল, কার্ড জালিয়াতিতে রাজধানীর ৪০-৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে। তবে এখন পর্যন্ত জালিয়াতির ঘটনায় দুই বিদেশি নাগরিকসহ মাত্র নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মার্চে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল, কার্ড জালিয়াতি চক্রে বিদেশি নাগরিক, লন্ডনপ্রবাসী বাংলাদেশি, সোনার দোকানের মালিক, আবাসিক হোটেল, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সির মালিকসহ অন্তত ৪০-৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে। কিন্তু পুলিশ তাদের আইনের আওতায় নিতে গা করছে না। তা ছাড়া একটি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারেও আগ্রহ নেই তাদের।
চার মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটি) সাইবার অপরাধ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার
মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৪০-৫০টি প্রতিষ্ঠানের নাম এলেও তদন্তে এসবের সম্পৃক্ততা মেলেনি।
এদিকে ১৮ মে এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতি করে ৬৬ হাজার টাকা তোলার পর চীনা নাগরিক জি জুয়াইনহু ধরা পড়েন। এর আগে তাঁর দুই সহযোগী ওই দিন সকালে বিমানে করে চীনে চলে গেছেন বলে র্যাবের নিউমার্কেট থানায় করা মামলায় বলা হয়। জুয়াইনহু উত্তরায় আরেক চীনা নাগরিক সেন জুর বাসায় উঠেছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে দোভাষী নিয়ে জুয়াইনহুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁর দুই সহযোগীর বিষয়ে তিনি মুখ খোলেননি।
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীতে বেসরকারি ব্যাংক ইস্টার্ণ, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও পল্লবীর কালশীর চারটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে বিভিন্ন গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়। পরে তদন্তে জানা যায়, ওই সব বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকদের এটিএম কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি করে নকল (ক্লোন) কার্ড বানিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে।
এ ঘটনায় বনানী ও পল্লবী থানায় করা দুটি মামলার তদন্তভার কয়েক দিন আগে ডিএমপি থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি), এরপর সিটিতে স্থানান্তর করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি জার্মান নাগরিক পিওতর সিজোফেন মুজারেক এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে ডিবি। পরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী হুমায়ুন কবির ও একটি ব্যাংকের কার্ড বিভাগের সাবেক কর্মকর্তা সাইফুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়।
কার্ড জালিয়াতির ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা চীনা নাগরিক জিয়ানহু, জার্মানির নাগরিক পিওতর সিজোফেন মুজারেকসহ নয়জন কারাগারে আছেন।
ওই কার্ড জালিয়াতির কয়েক দিন পার না হতেই উত্তরার হোটেল কমফোর্ট ইনের মালিক আবদুল হাসনাতের বিরুদ্ধে ১ মার্চ, গুলশানের হোটেল সিলভার উইন্ডোর মালিক বিশ্বাস এ মালেক ও ব্যবস্থাপক শামীম হাসানের বিরুদ্ধে ২ মার্চ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। এ দুটি মামলাও তদন্ত করছে সিটি। গত ৪ এপ্রিল মধ্যরাতে উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে হোটেল কমফোর্ট ইনের মালিক আবদুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সিলভার উইন্ডোর মালিক ও ব্যবস্থাপককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পিওতর ও গুলশানের খান এয়ার ট্রাভেলসের কর্মচারী আবু জাফরের যোগসাজশে দুই হোটেলের মালিক আবদুল হাসনাত ও বিশ্বাস এ মালেক তাঁদের হোটেলে স্থাপিত সিটি ব্যাংকের পিওএস যন্ত্র জালিয়াতি করে চার কোটির বেশি টাকা তুলে নেন। মামলায় এ কথা উল্লেখ করা হয়েছে। আবু জাফর আদালতে জবানবন্দি দিয়েছেন। জার্মানির নাগরিক পিওতর আদালতে জবানবন্দিতে বলেন, পিওএস যন্ত্র জালিয়াতির সঙ্গে গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির ও খান এয়ার ট্রাভেলসের পরিচালক তৌহিদ খানের সখ্য রয়েছে। ফিরোজ কবিরও তৌহিদ খানকে কিছু পিওএস যন্ত্র এনে দেন। তৌহিদ খান পিওএস যন্ত্র জালিয়াতি করে টাকা তুলতে বাধ্য করেন। আর বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনপ্রবাসী ফরিদ নাবীর তাঁকে কার্ড জালিয়াতিতে প্রলুব্ধ করেন। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর ফরিদ নাবীরের সঙ্গে তিনি ঢাকায় এসেছিলেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জালিয়াতিতে দেশীয় চক্রকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রি ও রোমানিয়ার নাগরিক রোমিও। চক্রের সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফরিদ নাবির গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন। ৩১ জানুয়ারি আসেন অ্যান্ড্রি ও রোমিও। এটিএম কার্ড জালিয়াতির পর ১৩ ফেব্রুয়ারি রোমিও, পরদিন অ্যান্ড্রি বাংলাদেশ ছাড়েন। এর আগে ঢাকা ছাড়েন লন্ডনপ্রবাসী ফরিদ নাবীর।
খান এয়ার ট্রাভেলসে স্থাপিত পিওএস যন্ত্রে কার্ড জালিয়াতি করে তাঁরা ২০-৩০ লাখ টাকা তোলেন।
এ নিয়ে চার মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিটির সাইবার অপরাধ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, মূলত কার্ড জালিয়াতির সঙ্গে সরাসরি তিন বিদেশি পিওতর, অ্যান্ড্রি ও রোমিও জড়িত। অ্যান্ড্রি ও রোমিওকে আইনের আওতায় নিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আর বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনপ্রবাসী ফরিদ নাবীরকে পেতে সেই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
কার্ড জালিয়াতিতে পুলিশ কর্মকর্তা ফিরোজ কবিরের জড়িত থাকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির মামলায় ব্যস্ত থাকায় হোটেল সিলভার উইন্ডোর মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।