সন্ধান না দিলে সামনে কঠিন পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া বা আদালতে হাজির করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। না হলে ভবিষ্যতে সরকারকে এ জন্য ‘কঠিন পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টাও সরকারের মনে রাখা উচিত।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে সই করেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, বিএনপিসহ ২০-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর তাঁদের নিখোঁজ ও গুম করে ফেলা আওয়ামী সরকারের আমলে এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
স্বাধীনতা দিবসের কর্মসূচি: স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, ২৬ মার্চ সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে এবং ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।
তবে শ্রদ্ধা নিবেদনে খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তিনি। একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যাননি।