সফরের মধ্য দিয়ে কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। সে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তাই দলকে সুসংহত ও শক্তিশালী করতে আগামী ১ অক্টোবর সিলেটে হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সারা দেশে রাজনৈতিক সফর শুরু করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গতকাল রোববার দুপুরে রংপুরে ঈদ উদ্যাপন করতে এসে নিজ বাসভবন ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন। তিনি বলেন, দেশব্যাপী সফরের মধ্য দিয়ে নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে জাতীয় পার্টি ভালো করবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও সম্ভাব্য কবর অপসারণের বিষয়ে এরশাদ বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি কিংবা জাতীয় পার্টির কোনো মন্তব্য নেই।’
গাজীপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, এ ঘটনার কারণ খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ সময় দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব এস এম ইয়াসিরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।