সফিউল্লাহ কাপুরুষ: শেখ সেলিম

বঙ্গবন্ধু হত্যায় সে সময়ের সেনাপ্রধান সফিউল্লাহর ভূমিকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তাঁর অভিযোগ, সফিউল্লাহ শুধু কাপুরুষের কাজ করেননি, সে সময় সেনাবাহিনীর দেড় লাখ সদস্য মাত্র ৩০০ জনের কাছে আত্মসমর্পণ করেছিলেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে শেখ সেলিম এ কথা বলেন। আজ বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ আলোচনা সভা ছাড়াও দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শেখ সেলিম বলেন, ‘জিয়াউর রহমান নাহয় ষড়যন্ত্রকারীদের সঙ্গে ছিলেন, সেনাপ্রধান সফিউল্লাহ তখন কী করেছিলেন? বঙ্গবন্ধু হত্যার এক ঘণ্টা আগে ক্যান্টনমেন্ট থেকে যখন ট্যাংক নিয়ে সেনাবাহিনী বের হলো, তখনই সেনাপ্রধানকে সেই খবর দিয়েছিলেন কর্নেল সালাউদ্দিন। কী ব্যবস্থা নিয়েছিলেন তখন সেনাপ্রধান? বঙ্গবন্ধু আক্রান্ত হওয়ার পর সফিউল্লাহকে দুইবার ফোন দিয়েছিলেন। কী করেছিলেন তিনি? শুধু সফিউল্লাহ নন, বড় সেনা কর্মকর্তারা কী করেছেন। পুরো সেনাবাহিনী মাত্র ৩০০ জনের কাছে আত্মসমর্পণ করল?
শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর খুনিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো? সফিউল্লাহ কাপুরুষ। বিশ্বাসঘাতক। মানুষের কাছে তিনি অশ্রদ্ধার পাত্র।’ ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে উল্লেখ করে শেখ সেলিম বলেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বঙ্গবন্ধু থাকবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেন, স্বাধীনতার পর এই বাংলাদেশ ছিল বিধ্বস্ত। সেখান থেকে দেশকে এগিয়ে নিয়েছিলেন বঙ্গবন্ধু। অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যখন দ্বিতীয় বিপ্লব শুরু করেছিলেন, তখনই তাঁকে হত্যা করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘আমি জগন্নাথ কলেজে শিক্ষকতা করতাম। ১৯৬৪ সালে বঙ্গবন্ধু আমাকে বললেন ব্যবসা করো। শিল্প গড়ো। আমাকে তিনি চট্টগ্রামে পাঠালেন। তিনি দেশের অর্থনৈতিক মুক্তির কথা ভাবতেন। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছিলেন বলেই আজ এত ব্যবসায়ী, শিল্পপতি। কিন্তু ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ৪১ বছরেও হত্যা করা যায়নি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি হলে, এ দেশের সব মানুষ ভালো থাকলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, বঙ্গবন্ধুর দর্শনেই বর্তমানের সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠছে। সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, বাংলাদেশের অগ্রগতি দেখে প্রতিহিংসাপরায়ণ হয়ে অনেকেই জঙ্গি উত্থানের পাঁয়তারা করছে। তবে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধ করবেন।
সভার সূচনা বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিকল্পনা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সেগুলোর বাস্তবায়ন চলছে। ব্যবসায়ীরা সবাই দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে বর্তমান সরকারকে সহায়তা করবেন।