কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।
একদিকে জেলা কমিটির সভাপতি মো. আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ আওয়ামী লীগের নেতা সফি আহমদকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মসুদ আহমদ এই ঘোষণার সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। এই পক্ষটি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তৃতা করার সময় তাঁর ওপর হামলা হয়েছে। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ ওরফে সলমানসহ কতিপয় দুষ্কৃতকারী প্রাণনাশের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালান। দলীয় স্বার্থে ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের পরিপ্রেক্ষিতে তাঁকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর চিঠি দেওয়া হয়েছে।
এ কে এম সফি আহমদ বলেন, অব্যাহতি ও বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক। জেলার সভাপতি-সম্পাদক মেয়র পদে তাঁদের প্রার্থীকে মনোনয়ন দিতে না পারায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন। রফিকুল ইসলামের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘তখন কারেন্ট চলে গিয়েছিল। কে বা কারা হামলা করেছে জানি না। তাঁর (রফিকুল ইসলামের) লোকজনকে দিয়েই ঘটনাটি সাজানো হয়েছে।’
গত মঙ্গলবার জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মসুদ আহমদ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের কোনো সভা আহ্বান না করে এবং উদ্দেশ্যমূলকভাবে গঠনতন্ত্র উপেক্ষা করে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত কুলাউড়া পৌরসভায় দলের মনোনীত মেয়র প্রার্থী এ কে এম সফি আহমদকে এককভাবে দায়ী করে বিজ্ঞপ্তি দিয়েছেন। এই বিজ্ঞপ্তির সঙ্গে জেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের (সভাপতি-সাধারণ সম্পাদক) ব্যক্তিগত মত ও সিদ্ধান্ত।
জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মসুদ আহমদ গতকাল বুধবার বলেন, ‘বহিষ্কারের বিষয়টি সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত। দলের কোনো সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি কেন্দ্রকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিতভাবেও জানানো হবে। গঠনতান্ত্রিকভাবে এ রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের (সভাপতি-সাধারণ সম্পাদকের) নেই।’
জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা যা করেছি, গঠনতান্ত্রিকভাবে করেছি। গঠনতন্ত্রকে ফলো করে করেছি।’