
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ হোটেলের মালিক কে, সবাই জানেন। প্রতিটি অপরাধের সঙ্গে সরকারের কোনো না কোনো প্রভাবশালী মানুষের নাম চলে আসছে।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বাংলাদেশে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে, দিনে অন্তত ১২টি খুন হচ্ছে। এই সামাজিক অস্থিরতা কেন বেড়েছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পুলিশকে বলা হয়েছে বিরোধী দলকে পেটাও। তাদের কোনো জনসভা করতে দেবে না। সরকারকে বলতে চাই, বাংলাদেশের যেকোনো জায়গায় বিএনপিকে জনসভা করতে দেন, আপনারাও করেন। দেখেন, কাদের জনসভায় মানুষ বেশি হয়।’
মওদুদ আহমদ আরও বলেন, ‘নির্বাচনে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এর জন্য আমরা বলেছি, নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা।’
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনার নিন্দা
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনার নিন্দা জানান। তিনি বলেন, এটা একদলীয় সরকারের বাকশালী আচরণের বহিঃপ্রকাশ।
বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকেরা দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছেন কি না, সে বিষয়ে নজরদারির নির্দেশনা দিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মিশনগুলোতে বার্তা পাঠানোর পর এ প্রতিক্রিয়া জানান রিজভী।