বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কের মূলে ঘুরেফিরে আসছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে মিন্টুর নাম।
১৬ এপ্রিল তালতলীর পচাকোড়ালিয়া, বড় বগি, ছোট বগি, কড়ইবাড়িয়া ও নিশানবাড়িয়া ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটিতে মনিরুজ্জামানের আত্মীয়রা প্রার্থী হয়েছেন।
গত ২৯ মার্চ প্রতীক বরাদ্দের দিনে তালতলী উপজেলা পরিষদ কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করছিলেন। এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে পুলিশের সামনেই মনিরুজ্জামান ও তাঁর অনুসারীদের মারধরের শিকার হন এসএ টিভির বরগুনা প্রতিনিধি নূরুজ্জামান ফারুক এবং বরিশালের একটি আঞ্চলিক পত্রিকার দুজন সাংবাদিক মিজানুর রহমান ও খাইরুল ইসলাম। এরপর থেকে ভোটার ও প্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।
উপজেলার ছোট বগি ইউনিয়নের পঞ্চাশোর্ধ্ব এক ভোটার নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে বললেন, ‘অবস্থা যা দ্যাকতে আছি, হ্যাতে আমাগো ভোট দেওন লাগবে বইল্লা মোনে অয় না। ভোটের আগেই যে রহম দামাড়ক শুরু অইছে, হ্যাতে অবস্থা হেই দিগেই যাইতে
লাগছে।’ এটা কারা করছে, এমন প্রশ্ন করলে হাসি দিয়ে তিনি বলেন, ‘য্যাগো ক্ষমতা আছে হ্যারা করে। বোঝেন না?’
ছোট বগি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তৌফিকুজ্জামান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিক চেয়ারম্যান মনিরুজ্জামানের ছোট ভাই। এই ইউপিতে বিএনপির প্রার্থী শেফালী আক্তার।
অন্য চারটি ইউনিয়ন ঘুরেও ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আতঙ্কের কথা শোনা গেল। নিশানবাড়িয়া ইউনিয়নের এক ভোটার বলেন, ‘হুনছি উপজেলা চেয়ারম্যান ভোট কাইট্টা হ্যাগো প্রার্থীগো জয়ী করবে। তয় আমাগো তো আর কষ্ট কইর্যা কেন্দ্রে যাওন লাগবে না!’
নিশানবাড়িয়া ইউপিতে বিএনপির প্রার্থী শাহ আলম মাস্টারের ছেলে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমাদের বাড়ির চারপাশে সারা রাত আওয়ামী লীগের প্রার্থীর ক্যাডাররা মহড়া দিচ্ছে। এরই মধ্যে ৮-১০ জন সমর্থককে মারধর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা প্রকাশ্যে ভোটারদের বলছেন, ভোট দিলেও তাঁরা জিতবেন; না দিলেও জিতবেন। উপজেলা চেয়ারম্যানের ইঙ্গিতে এসব করা হচ্ছে।’
নিশানবাড়িয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী দুলাল হোসেন ফরাজী মনিরুজ্জামানের শ্যালকের শ্বশুর। এ ছাড়া কড়ইবাড়িয়ায় প্রার্থী হয়েছেন মনিরুজ্জামানের মামাতো ভগ্নিপতি জসিমউদ্দীন মোল্লা। কড়ইবাড়িয়া, পচাকোড়ালিয়া ও বড় বগি ইউনিয়নের সাধারণ ভোটার ও প্রার্থীদের কথায়ও ঘুরেফিরে এল ‘মনিরুজ্জামান আতঙ্ক’।
বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বিএনপির চারজন চেয়ারম্যান পদপ্রার্থী বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, মনিরুজ্জামানের বাহিনী এখানে সুষ্ঠু ভোট হতে দেবে না। তিনি অন্য প্রার্থীদের সরাসরি হুমকি দিচ্ছেন। ভোটারদের বলছেন, ‘ভোট দিলেও আমরা জিতব, না দিলেও জিতব।’
বিএনপি ও স্বতন্ত্র অন্তত ছয়জন প্রার্থী প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামানের লোকজন ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে কেন্দ্র দখল করে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এ জন্য আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলা হচ্ছে। কেন্দ্রে প্রভাব বিস্তার করার স্বার্থে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ৫০টি মোটরসাইকেল চলাচলের অনুমোদন নেওয়ারও পরিকল্পনা করেছেন তিনি।
তবে চেয়ারম্যান মনিরুজ্জামান গতকাল শনিবারবলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ...আপনারা নিশ্চিত থাকেন, এখানে ভোট সুষ্ঠু হবে। নির্বাচনের দিন আমি কোথাও মুভকরব না; উপজেলা পরিষদে বসে থাকব।’
বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নূরুজ্জামান বলেন, ‘যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ফোনে নির্দেশ দিয়েছেন। এ জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের দিন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এ ছাড়া পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, বিজিবি সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে বলেও সিদ্ধান্ত হয়েছে।’