নির্বাচনী উত্তাপে শীতও যেন হার মেনেছে। এ-বাড়ি ও-বাড়ি ছুটে চলেছেন কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থীদের পাশাপাশি ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ভোর থেকেই ভোটপ্রার্থনা শুরু করেছেন। প্রাতর্ভ্রমণে বেরিয়ে হাঁটতে হাঁটতেই চলে কুশল বিনিময়। পরে কোনো এক মোড়ে শীতের ভাপা পিঠা খাওয়ার ধুম। এরপর দিনের ব্যস্ততায় প্রার্থী-সমর্থকদের পদচারণে রংপুর শহর মুখর হয়ে উঠছে।
মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও কাউন্সিলর পদে থাকছে নানা রঙের প্রতীক। ২০৩ বর্গকিলোমিটার আয়তনের ৩৩টি ওয়ার্ডে প্রধান তিনটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা নির্বাচন করছেন কাউন্সিলর পদে।
প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় স্বস্তিতে নেই সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা। তবে বিএনপি ও জাতীয় পার্টির ক্ষেত্রে তেমনটি নেই। এই দুই দলের পক্ষ থেকে ৩৩ ওয়ার্ডের ১৩টিতে বিএনপি এবং ১৮টি ওয়ার্ডে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। সেই সঙ্গে বাকি ওয়ার্ডে এই দুই দলেরই নেই কোনো বিদ্রোহী প্রার্থী।
গতকাল রোববার নগরের তাজহাট, রেলওয়ে স্টেশন এলাকা, বাবুপাড়া এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেল, আওয়ামী লীগের একাধিক প্রার্থী হওয়ার কারণে দলীয় সমর্থকদের মধ্যেও মনোমালিন্যের পাশাপাশি বিভেদও দেখা দিয়েছে।
বাবুপাড়া এলাকার সোলেমান মিয়া দলের সঙ্গে যুক্ত না হলেও আওয়ামী লীগের সমর্থক। তিনি বলেন, এত বছর মিলেমিশে থাকলেও নির্বাচনকে ঘিরে কেমন জানি উল্টো পরিবেশ হয়ে গেল। এমনই অবস্থা পর্যবেক্ষণ করা গেল অন্যান্য ওয়ার্ডেও।
মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছ থেকে তিনজন করে কাউন্সিলর প্রার্থীর নাম চেয়েছিল মহানগর কমিটি। অধিকাংশ ওয়ার্ড কমিটি তা আমলে নেয়নি। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২১১ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগেরই ৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি ওয়ার্ডেই রয়েছেন বিদ্রোহী প্রার্থী।
২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী বলেন, গত নির্বাচনেও একাধিক প্রার্থী ছিলেন। তবুও তিনি জিতেছেন। এবারও জিতবেন বলে আশা তাঁর।
২৯ নম্বর ওয়ার্ডে সাতজন প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগের। ৩৩ নম্বর ওয়ার্ডে তিনজন। একই অবস্থা অন্যান্য ওয়ার্ডসহ সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও। ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগেরই ২৯ জন।
দলের একাধিক প্রার্থী প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, নিজেদের মধ্যে লড়াই করে হলেও দলেরই প্রার্থী জিতবেন।
এদিকে ৩৩ ওয়ার্ডের মধ্যে ২০ ওয়ার্ডে বিএনপির ২০ জন এবং ১৫টিতে জাতীয় পার্টির ১৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টিতে বিএনপির ও ১৮টি ওয়ার্ডে জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থী নেই।
প্রার্থী কম প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে তাঁরা দৌড়ের ওপর আছেন। তাই সব ওয়ার্ডে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।
মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, তাঁদের মূল লক্ষ্য মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করা। এ কারণে কাউন্সিলর প্রার্থী কম।
গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এখন মেয়র প্রার্থীর সংখ্যা ৭। সাধারণ কাউন্সিলর ২১১ ও সংরক্ষিত ৬৫ জন প্রার্থী থাকলেন। আজ সোমবার প্রতীক বরাদ্দ। ২১ ডিসেম্বর ভোট গ্রহণ।