সব চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার চেষ্টায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে দেশে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সেখানে আরেকটু সুযোগ পেলে সরকার ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করবে। সরকার সে চেষ্টাই করছে।
গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর শ্রমিক দলের সাবেক সভাপতি সহিদুল ইসলাম চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ কথা বলেন। ঢাকা মহানগর শ্রমিক দল দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা নির্বাচনে কী হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী হচ্ছে, তা মানুষ দেখছে। এ সরকার রেকর্ডের পর রেকর্ড করে চলেছে। ইতিমধ্যে ১১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অথচ এ দেশে কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার নজির নেই।
বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র এখন গণতন্ত্রবিরোধীদের খপ্পরে পড়ে আছে। যারা একসময় গণতন্ত্রকে জবাই করে একদলীয় বাকশাল কায়েম করেছিল, তারা এখন গণতন্ত্রের টুঁটি চেপে মৃতপ্রায় করে ফেলেছে। গণতন্ত্রের পক্ষের দল বিএনপিকে এবং এ দলের নেতৃত্বদানকারী জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা, খুন-গুম হেন কিছু নেই যে করছে না।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই নেতাকে হত্যার অভিযোগ: এর আগে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর ইউনিয়ন যুবদল নেতা কাউসারকে ক্রসফায়ারে হত্যা এবং শুক্রবার রাতে খুলনার আড়ংঘাটা থানার গাইকুড় মধ্যডাঙ্গা এলাকায় বিএনপির নেতা আলমগীর হোসেনকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যার অভিযোগ করেন।
রিজভী বলেন, কাউসার গত বুধবার দুপুরে পাসপোর্ট করার জন্য লক্ষ্মীপুর আঞ্চলিক কার্যালয়ে গেলে ডিবি পুলিশ তাঁকে আটক করে। পরদিন বৃহস্পতিবার ভোররাতে বড়পোল এলাকায় তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলামের বড় ভাই আবদুর রশীদকে রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। একইভাবে ফেনীর দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমানকে বৃহস্পতিবার রাতে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করে। দুজনকেই মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তিনি এর নিন্দা জানান।
লুটপাটতন্ত্রের শাসন চলছে: গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান দেশে লুটপাটতন্ত্রের শাসন চলছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, দেশের রিজার্ভ ব্যাংক সেটাও লুট হয়ে গেল। এটা খুব দুঃখের কথা, এত দিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই লোপাটের ঘটনায় জড়িতরা ধরা পড়ল না। কিছু টাকা দয়া করে যারা নিয়ে গেছে, তারা ফেরত দিয়েছে মাত্র। কত বড় লজ্জার কথা বাংলাদেশের।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও বিএনপির নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী বক্তব্য দেন।