সব জল্পনা ভুয়ায় পরিণত হবে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দলের ২০তম জাতীয় সম্মেলন নিয়ে যেসব জল্পনাকল্পনা, তা আজ বিকেলের পর ভুয়ায় পরিণত হবে। দলের সম্মেলনের মধ্য দিয়েই কাউন্সিলররাই নেতৃত্ব ঠিক করবেন। সম্মেলন হবে উৎসবমুখর পরিবেশে।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আগত বিদেশি অতিথিদের সৌজন্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
কাউন্সিল নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘সব জল্পনাকল্পনটা কালকে বিকেলের পর ভুয়ায় পরিণত হবে। আপনারা সম্মেলনটা উপভোগ করেন। আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে, তা প্রকাশ্যেই দেওয়া হবে। উৎসবমুখর সম্মেলন হবে।’
নেতা-কর্মীরা অনেকের নামে স্লোগান দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন—এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, এটা কোনো কাজে আসবে না। কাউন্সিলররাই সিদ্ধান্ত নেবেন, কাকে নেতা করবেন। এটা আমরা কালকেই দেখব। আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের শেষ দিনেই দিতে। যদি সম্ভব না হয়, তবে এই সপ্তাহের মধ্যেই হবে। কারণ, বিভিন্ন দেশ থেকে সম্মেলনে বিশাল ডেলিগেশন টিম আসছে। এখনো অনেক কাজ বাকি।’
এই সম্মেলনের বিশেষ বৈশিষ্ট্য কী থাকছে এমন প্রশ্নে আশরাফ বলেন, সাধারণত রাজনৈতিক দলে চমক কিছু আসে না। ধারাবাহিকতা রক্ষা করা হয়। নতুন চমক আসছে কি আসছে না—এমন প্রশ্নে জানতে চাইলে অপেক্ষা করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখনই বলে দিলে চমকটা থাকবে না। কী হবে না হবে প্রধানমন্ত্রী ও আমি জানি। আর কেউ জানে না।’