সব দল চাইলে নির্বাচনে ইভিএম ব্যবহার: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দল ও সরকার চাইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) পরিচিতি অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আগে নতুন কমিশনের কাছে ইভিএম সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন কমিশন কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের অনুষ্ঠানে সিইসি বলেন, ‘ইভিএম বা যে নামেই হোক না কেন, প্রযুক্তিটি সবার কাছে আগে গ্রহণযোগ্য হতে হবে। এখনো প্রাথমিক পর্যায়ে ইভিএম নিয়ে আমাদের ভাবনা চলছে। পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর রাজনৈতিক দলসহ সবার কাছে বিশ্বাসযোগ্যতা পেলেই ইভিএম ব্যবহার করা যাবে।’
কে এম নুরুল হুদা বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ চূড়ান্ত করে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ করা হবে। মধ্য জুলাইয়ের মধ্যে সংলাপের পরিকল্পনা রয়েছে।
আরএফইডি সভাপতি সোমা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদাৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।