সব দলকে নিয়ে মন্ত্রিসভা কেন প্রশ্ন কাদেরের
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের দলের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরকারে থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘এখন তো জরুরি অবস্থা চলছে না যে সব দলকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে।’
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা সভায় জি এম কাদের এই প্রশ্ন তোলেন। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন, তখন বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন।’ তিনি বলেন, মানুষ জাতীয় পার্টিকে সরকারের অংশ মনে করে। এর বহিঃপ্রকাশ ঘটেছে পৌরসভা নির্বাচনে। মানুষ নৌকায় ভোট দিয়েছে, লাঙ্গল মার্কায় কেউ ভোট দেয়নি।
জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘জনগণ জাতীয় পার্টিকে কলুষমুক্ত দেখতে চায়। মাঠপর্যায়ে এখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। সরকারি দলের লোকেরা সরকারের পক্ষে বলছেন। কিন্তু বিরোধীরা নেই। জনগণ চাইছে জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে আসুক।’ তিনি বলেন, ‘সরকারের মন্ত্রিপরিষদে জাতীয় পার্টির সংসদ সদস্যরা থাকায় আমরা বিরোধী দল হিসেবে সেই বিশ্বাস অর্জন করতে পারিনি।’
জাপার নতুন কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দিতে জাতীয় সাংস্কৃতিক পার্টি এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা ও মীর আবদুস সবুর, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম প্রমুখ।
যৌথ সভার প্রস্তুতি জাপার: দলীয় সূত্র জানায়, নতুন কো-চেয়ারম্যান ও মহাসচিবকে ঘিরে অস্থিরতা কাটাতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদীয় কমিটির যৌথ সভা আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৩১ জানুয়ারি এ সভা হতে পারে।
জানতে চাইলে জাপার নবনিযুক্ত মহাসচিব রুহুল আমিন হাওলাদার স্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন এবং জাতীয় কাউন্সিল সামনে রেখে দলকে সংগঠিত করার লক্ষ্যে যৌথ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে।