সব সময় বাইরের বিষয়ে নাক গলায় পাকিস্তান: হানিফ
পাকিস্তান সব সময় নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
রাজধানীর কামরাঙ্গীরচরে আল-হেরা কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পাকিস্তান সব সময়ই নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত। তাদের এই ধৃষ্টতার তীব্র ধিক্কার জানাই। ফের যদি তারা এ ধরনের দুঃসাহস দেখায়, তবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমরা রাখব কি না, তা বাংলার জনগণ ভেবে দেখবে।’ তিনি বলেন, ‘পাকিস্তানের এত দরদ থাকলে তাদের দোসর প্রিয় ব্যক্তিদের বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তাদের দেশের নাগরিকত্ব দিক।’