সবকিছু নির্বাসিত হতে চলেছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রথম আলো ফাইল ছবি

ভয়াবহ ফ্যাসিবাদী আগ্রাসনে দেশবাসী একটা নষ্ট সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এখন খুব দুঃসময়। এই দুঃসময়ে আমাদের সৃষ্টিশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, আমাদের সমস্ত মুক্তচিন্তা আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না। এককথায়, কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি, শিল্প—সবকিছু নির্বাসিত হতে চলেছে।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘(এখন এমন একসময়) যখন আমাদের একজন শিশু বা কিশোরের জীবনের নিরাপত্তা দিতে পারি না, যখন আমাদের একজন মহিলা বা বালিকা তার ফেসবুকের মধ্যে কোনো স্ট্যাটাস দিতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত হয়, গ্রেপ্তার হয়।’ তিনি আরও বলেন, ‘এখানে সাংবাদিক নেতৃবৃন্দ আছেন। তাঁদের অনেকেই শুধু আত্মীয়ের বাসায় যাওয়ার কারণে আটক হন। আজকের পত্রিকায় দেখলাম, ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে তিনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিচার শুরু হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সমস্ত পৃথিবীজুড়ে দেখবেন, কেমন একটা অস্থিরতা এবং ভালো জিনিস তিরোহিত হয়ে যাচ্ছে, অন্যায়-অসুন্দর সবকিছু যেন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। চারদিকে তাকিয়ে দেখুন, ক্ষমতার লড়াইয়ের জন্য যত খারাপ কাজ করা দরকার, আমরা সবাই কমবেশি করছি। এটা বাস্তবতা। এ রকম অবস্থায় আমাদের মুখে খুব সুন্দর, ভালো কথা আসে না।’

এর আগে মির্জা ফখরুলসহ আমন্ত্রিত অতিথিরা ‘বেঙ্গল, দাই নেম ইজ বিউটি’ (Bengal thy name is beauty) গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল মান্নান কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের এ ইংরেজি অনুবাদ করেন।

২০২০ সালের ৪ আগস্ট আবদুল মান্নান মারা যান। ‘মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন’ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে আবদুল মান্নানকে একজন ‘অসাধারণ’ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ‍উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মাহমুদ শাহ কোরেশি, কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান ও প্রয়াত লেখকের মেয়ে মেহনাজ মান্নান বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।