সবকিছু সেন্সর হচ্ছে: এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ—সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। ভয়ে কেউ কথা বলতে পারে না। এমন অবস্থা দেশে আগে কখনো ছিল না।
গতকাল মঙ্গলবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের সিলেট জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন কথা বলা যায় না। টকশোতে মানুষ মনের কথা বলবে, তা-ও বন্ধ। সবকিছুই সেন্সর হচ্ছে। মুখ বন্ধ, কলম বন্ধ। এটা কি গণতন্ত্র?’
এ বক্তব্যের কিছুক্ষণ পর এরশাদ দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টিই গণতন্ত্র রক্ষা করেছে।
এরশাদের আগে বক্তব্য দেন সিলেট জেলা জাপার সমন্বয়কারী ও সভাপতিমণ্ডলীর সদস্য তাজ রহমান। তাঁর অভিযোগ, জাপার স্থানীয় তিন সাংসদ সেলিম উদ্দিন, মুনিম চৌধুরী (বাবু) ও এহিয়া চৌধুরী এখন ‘জয় বাংলা’ স্লোগান দেন।
পরে এরশাদ বলেন, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান। জাতীয় পার্টির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন এ স্লোগান থাকবে। দলীয় সাংসদদের উদ্দেশ করে করে তিনি বলেন, ‘যেখানে খুশি চলে যেতে পারেন। আগামী নির্বাচনে তারা না থাকলেও আমরা জিতব।’
এরশাদ বিএনপির সমালোচনা করে বলেন, এই দেশের সবচেয়ে ক্ষতি করেছে বিএনপি। তারা উপজেলা বন্ধ করেছে, গরিব মানুষের হাজার হাজার ট্রাস্ট বন্ধ করেছে। এ জন্য তারা এখন ধ্বংসের মুখে।