সবকিছুর সঙ্গে জড়িত বলায় ক্ষুব্ধ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় সরকার বিএনপিকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কথায় কথায় বিএনপি। সবকিছুর সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি এত শক্তিশালী হয়, তাহলে কথায় কথায় বিএনপিকে নাকচ করে দিচ্ছেন কেন?’
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নগর বিএনপি আয়োজিত শোকসভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সভায় বিএনপির নেতারা জোর দিয়ে বলেন, জাতির এই সংকটে বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়।
সমস্যার গভীরে যাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ ভয়ংকর দানবকে (জঙ্গিবাদ) প্রতিহত করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। কিন্তু উদ্দেশ্য যদি হয় রাজনীতি এবং এটাকে ব্যবহার করে চিরকাল ক্ষমতায় থাকার অবস্থা তৈরি করা, তাহলে সফল হবে না। তিনি বলেন, ‘ভয়ংকর এই দানবকে প্রতিহত করা কখনোই সম্ভব হবে না, যদি না গণতন্ত্রকে আপনি চলতে দেন, যদি না জানালা-দরজাগুলো খুলে দেন, যদি না কথা বলবার ও কাগজে লিখবার সুযোগ সৃষ্টি করেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আজ অনেকে টক শোতে যেতে চান না, অনেক কলামিস্ট কলম ধরতে চাইছেন না। এই অবস্থায় ভয়ংকর দানবকে পরাজিত করা যাবে না। ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই লড়াইয়ে হাতিয়ার হচ্ছে জনগণ, হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রবিহীন অবস্থায় সেটা পারা যাবে না।’
জঙ্গিবাদের সঙ্গে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলকে জড়িত করার বিষয়ে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘রোজার সময়ে উগ্রবাদ-জঙ্গিবাদ দমন করার কথা বলে আপনারা (সরকার) ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছেন, যার মধ্যে ৫ হাজারের ওপরে বিএনপির নেতা-কর্মী আছে। আপনারাই বলেছেন, এর মধ্যে জঙ্গি বলে সন্দেহ করা গেছে ১৮৯ জনকে। তাহলে বাকিরা কারা? কাদের ধরলেন? কারা গুলশানে গিয়ে ঘটনা ঘটাল? কারা গুপ্তহত্যা ঘটাল? সেই সত্য তো এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেননি।’
ইউটিউবে নানা প্রচারের মাধ্যমে জঙ্গিবাদে বাংলাদেশের তরুণদের প্ররোচিত করা হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সেখানে যে ভাষায় কথা বলেছে, আমি আতঙ্কিত, শিহরিত হয়েছি। এই যদি হয় ইসলামের কথা, সেই ইসলাম তো ইসলাম নয়। ওরা কারা? তাদের উদ্দেশ্য কী? কী করতে চায় তারা?’ তিনি বলেন, ‘সমাজের এই অব্যবস্থায় তারা ব্যবহার করছে আমাদের তরুণ কোমলমতি যুবকদের। তাদের ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। এটাকে শুধু এককভাবে আইনশৃঙ্খলার কথা বলে দমন করা যাবে না, এটাকে রাজনৈতিকভাবে দেখতে হবে।’
দেশে জঙ্গিবাদ ভয়ংকর রূপ ধারণ করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এটা যদি কঠোর হাতে দমন করা না যায়, তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। তিনি বলেন ‘দেয়ার ইজ নো মিলিটারি সলিউশন টু দিস প্রবলেম। জোর করে গোলাবারুদ দিয়ে, র্যা ব-পুলিশ এমনকি সেনাবাহিনী দিয়ে এই জঙ্গিবাদ, উগ্রবাদ দমন করা সম্ভবপর হবে না। যত দিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই উগ্রবাদকে প্রতিহত করে।’
মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি একটি উদার মধ্যপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই শক্তিকে নিশ্চিহ্ন করে বা একে বাদ দিয়ে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন না।’
গুলশান হামলার উল্লেখ করে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১০ দিন পর মনে পড়ল, এটা খালেদা জিয়া করেছে। সারা বিশ্বে জানে, হামলার শিকার ইতালি, ভারত, জাপান—সবাই জানে; এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা জড়িত না।’
সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মাহবুবউদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার প্রমুখ। এ সময় কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, সৈয়দ এমরান সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। শোকসভার শুরুতে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতা-কর্মীরা। সভায় কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করলে নেতা-কর্মীরা হাত তুলে তাতে সম্মতি জানান।