সবাইকে সতর্ক থাকতে বললেন সৈয়দ আশরাফ
দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। যা বলব ইশারা-ইঙ্গিতে বুঝে নেবেন। স্বাধীনতার পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। দ্বিতীয়বার যাতে ওই ধরনের ঘটনা ঘটতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
সৈয়দ আশরাফ বলেন, স্বাধীনতার পরপর স্বাধীনতার স্থপতিকে পরিবার-পরিজনসহ হত্যা করার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই। তিনি বলেন, ‘বাঙালি যেমন বীরের জাতি, তেমনি বেইমানের জাতি। তাই আমাদের সজাগ থাকার প্রয়োজন আছে। মনে মনে প্রস্তুতি রাখারও প্রয়োজন আছে।’
আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ বছর থেকেই মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া দুটি উৎসব বোনাস পাবেন, যার পরিমাণ ২০ হাজার টাকা। শিগগির মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সনদ ও পরিচয়পত্র দেওয়া হবে।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ বিভিন্ন এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
এর আগে সকালে মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় নির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সংসদের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাবের মধ্যে রয়েছে সংসদের কমিটির মেয়াদ তিন বছরের পরিবর্তে পাঁচ বছর করা।