সবাইকে 'খুশি' করার কমিটি নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে চট্টগ্রাম নগর বিএনপির কমিটি ঘোষণার পর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ‘অসন্তোষ’ দেখা দিয়েছে। গঠনতন্ত্রে কমিটির সদস্যসংখ্যা ১৫১ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা থাকলেও সবাইকে ‘খুশি’ করতে অতিরিক্ত ১২৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ছাড়া দলের অনেক জ্যেষ্ঠ নেতাকে কম গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।

গত সোমবার রাতে চট্টগ্রাম নগর বিএনপির ২৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটির আকার এত বড় হওয়ার পেছনে দলের জ্যেষ্ঠ নেতারা গত দুই দশকে পূর্ণাঙ্গ কমিটি না হওয়াকেই যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন।

সর্বশেষ ১৯৯৭ সালে মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে সভাপতি ও দস্তগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর আরও তিন দফা কমিটি হলেও সেগুলোর কোনোটিই পূর্ণাঙ্গ রূপ পায়নি। গত বছরের ৬ আগস্ট শাহাদাত হোসেনকে সভাপতি, আবুল হাশেমকে সাধারণ সম্পাদক ও আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহসভাপতি করে কেন্দ্র থেকে তিন সদস্যের চট্টগ্রাম নগর কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১১ মাস পর এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।

নতুন কমিটি নিয়ে অসন্তোষের কারণ কী, জানতে চাইলে নাম না প্রকাশের শর্তে অন্তত তিনজন নেতা প্রথম আলোকে বলেন, এই কমিটিতে প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে। অথচ তাঁর কর্মী সাবেক ছাত্রদল নেতা মঞ্জুরুল আলমকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল আলমকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা হয়েছে। রাজনীতিতে সাইফুলের জ্যেষ্ঠ ও নগর যুবদলের সভাপতি কাজী বেলালকে করা হয়েছে যুগ্ম সম্পাদক। নগর ছাত্রদলের সাবেক আরেক সহসভাপতি খালেদ সাইফুল্লাহ সদস্যপদ পেয়েছেন। ছাত্রদলে তাঁর কমিটির অধীনে ছিলেন বাকলিয়া থানা ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ। সিরাজ যুগ্ম সম্পাদক হয়েছেন। সিরাজ অবশ্য এখন নগর ছাত্রদলেরও সভাপতি। খালেদের আরেক কর্মী সালাউদ্দিন কায়সারকে করা হয়েছে সহসাংগঠনিক সম্পাদক।

২০ বছর আগে চট্টগ্রাম নগর বিএনপির নাছির-দস্তগীর কমিটির সহদপ্তর সম্পাদক খোরশেদ আলম এবার হয়েছেন সহসাধারণ সম্পাদক। তাঁর পদবি থেকে ‘সহ’ শব্দটি কাটছে না। নাছির-দস্তগীর কমিটির আইনবিষয়ক সম্পাদক মো. নাজিমউদ্দিন চৌধুরী এবার কমিটিতে জায়গা পাননি।

নতুন কমিটির একজন সহসভাপতি নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন না করে বিশাল কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি কি আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারবে?’ তাঁর দাবি, অন্তত শতাধিক নেতা জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার হয়েছেন।

দলীয় সূত্র জানায়, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া কয়েকজন জ্যেষ্ঠ নেতা শিগগির নিজেদের মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কমিটিতে তাঁদের ভূমিকা কী হবে এবং তাঁরা কাজ করবেন কি না, তা নিয়ে বৈঠকের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে একজন সহসভাপতি প্রথম আলোকে জানান।

কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিানি প্রথম আলোকে বলেন, ‘২০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হয়েছে। আন্দোলন-সংগ্রামে যাঁরা নিয়মিত অংশ নিয়েছেন, তাঁদের মূল্যায়ন করে দলে পদ দেওয়া হয়েছে। এখানে “সিনিয়র-জুনিয়রের” (বড়-ছোট) প্রসঙ্গ আসবে কেন?’

নতুন কমিটিতে পদ পাননি নগর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাজিমউদ্দিন চৌধুরী। হতাশা নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলায় বিপর্যস্ত দলের হাজারো নেতা-কর্মীর পক্ষে আদালতে লড়ে যাচ্ছি। আন্দোলন-সংগ্রামেও ছিলাম। নতুন কমিটিতে আরও বড় পদ পাব বলে আশা ছিল। কিন্তু মূল্যায়ন হয়নি। এখন নিজের পেশার প্রতি মনোযোগী হব।’

গঠনতন্ত্র লঙ্ঘন করে অতিরিক্ত ১২৪ জনকে পদ দেওয়ার পরেও দলে অসন্তুষ্টি নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ২০ বছর ধরে পূর্ণাঙ্গ কোনো কমিটি না হওয়ায় দলে নেতৃত্বের একটি জট তৈরি হয়েছিল। এ জন্য দলের চেয়ারপারসন তাঁর বিশেষ ক্ষমতাবলে ২৭৫ জনের কমিটি অনুমোদন দিয়েছেন। বিএনপি অনেক বড় সংগঠন। এখানে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

এদিকে চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক এক নেতা বিএনপির কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ইলিশ আর ছড়া কচুর দরে পার্থক্য নেই। মানে সবাই সমান।’

দলের আরেক কর্মী ফেসবুকে মন্তব্য করেন, ‘কী করব আর। দেখতে থাকব আধিপত্যবাদ ও দলীয় স্বৈরাচার।’

নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক পদ পেয়েও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী। রাজনীতিতে তাঁর অনেক অনুসারী এই কমিটিতে বড় পদ পেয়েছেন। এ বিষয়ে আহমেদুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপির কোনো পদ চাইনি। ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে সম্মানিত করেছেন। তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগের বিষয়টি জানাব। কারণ, বিএনপি করার বয়স ও অভিজ্ঞতা আমার হয়নি।’