
দীর্ঘ নয় বছর পর কাল শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। প্রার্থীদের ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে নগরের রাস্তাঘাট। এর মধ্যে মাত্র দুজন প্রার্থী ছাড়া বাকি সবার পোস্টারে ঠাঁই পেয়েছে নগর কমিটির বর্তমান সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ছবি। তিনি নিজেও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন দুজন। আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাতজন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থী হলেন নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মাহবুব জামান। আর খায়রুজ্জামান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করে পোস্টার টাঙিয়েছেন নগর কমিটির বর্তমান সহসভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, তবিবুর রহমান শেখ, উপ-দপ্তর সম্পাদক ডাবলু সরকার, সাবেক ছাত্রনেতা আহসানুল হক, নফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। এর মধ্যে মাসুদুর রহমানের পোস্টারে খায়রুজ্জামানের কোনো ছবি নেই। তবে জাতীয় চার নেতার ছবি রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রায় সব প্রার্থীর পোস্টারেই রয়েছে খায়রুজ্জামানের ছবি। খায়রুজ্জামানের ছবি থাকা প্রসঙ্গে দলের নেতা-কর্মীরা বলছেন, রাজশাহী আওয়ামী লীগের সবকিছুই যে খায়রুজ্জামানকে কেন্দ্র করে আবর্তিত হয়, এ ঘটনায় তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
পোস্টারে খায়রুজ্জামানের ছবি ব্যবহার সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুর রহমান বলেন, ‘খায়রুজ্জামান শুধু রাজশাহীর নেতা নন; তিনি জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামানের সন্তান। খায়রুজ্জামানকেও আমরা জাতীয় নেতা হিসেবেই দেখি। সেই শ্রদ্ধার জায়গা থেকে তাঁর ছবি ব্যবহার করেছি।’
খায়রুজ্জামানের বিপরীতে সভাপতি পদে মাহবুব জামান এখনো আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরাও। জানতে চাইলে মাহবুব জামান বলেন, ‘প্রার্থী থাকার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়।’
নগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খায়রুজ্জামান প্রায় ২৬ বছর ধরে নগর আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। খায়রুজ্জামান মহানগর কার্যালয়ে এলেই নেতা-কর্মীদের ভিড় বাড়ে। অন্য সময়ে কার্যালয়ের ভিন্ন চিত্র দেখা যায়। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা ও মহানগর ছাত্রলীগ ও যুবলীগের কমিটি গঠনেও তাঁর ইচ্ছা-অনিচ্ছার প্রভাব থাকে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নগর কমিটির এক নেতা বলেছেন, ‘তাঁকে (খায়রুজ্জামান) বাদ দিয়ে রাজশাহী আওয়ামী লীগে কিছুই হয় না।’
সংগঠনের একজন জ্যেষ্ঠ সহসভাপতি বলেন, ‘এ এইচ এম খায়রুজ্জামানের যে রাজনৈতিক সাইনবোর্ড রয়েছে, রাজশাহীতে তা আর কারও নেই।’
এদিকে নেতা-কর্মীরা বলছেন, সম্মেলন হলেও মূল আগ্রহ সাধারণ সম্পাদক পদকে ঘিরে। এই পদে কে আসছেন, তাই দেখার অপেক্ষায় আছেন তাঁরা। সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য ৭১ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
সভাপতি প্রার্থী মাহবুব জামানের কিছু ব্যানার আর পোস্টার দেখা গেলেও খায়রুজ্জামান নিজ উদ্যোগে কোনো ব্যানার, পোস্টার তৈরি করেননি বলে নেতা-কর্মীরা দাবি করেছেন। তবে খায়রুজ্জামানকে সভাপতি পদে নির্বাচিত করার আহ্বান জানিয়ে নগরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার দেখা গেছে। নগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, অঙ্গসংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা এসব টাঙিয়েছেন—এমনটাই বলছেন নেতা-কর্মীরা।
সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে খায়রুজ্জামান বলেন, এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থীদের মধ্যে সমঝোতা না হলে কাউন্সিলরদের মাধ্যমে ভোট হতে পারে।’
এর আগে ২০০৫ সালের ১৬ জানুয়ারি দলের নগর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়। এতে মাসুদুল হক সভাপতি ও এ এইচ এম খায়রুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর পর নির্বাচিত সভাপতি মাসুদুল হক মারা যান। এর দুই বছর পর কেন্দ্র থেকে সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। একই সঙ্গে কমিটির মেয়াদ ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। সম্প্রতি সভাপতি বজলুর রহমান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি নতুন করে কোনো পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না।