সবার সহযোগিতা চাইলেন রমেশ চন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে রমেশ চন্দ্র সেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন। রমেশ চন্দ্র সেন গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও এলে তাঁকে সংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি সবার কাছে সহযোগিতা চান।
কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, গত শনি ও রোববার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। এতে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন। সম্মেলনে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২১টি পদে নেতা নির্বাচন করা হয়। ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর ১৪ জন, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে স্থান পেয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
রমেশ চন্দ্র গতকাল বিমানে চড়ে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বেলা পৌনে একটার দিকে তিনি ঠাকুরগাঁওয়ে আসেন। তাঁকে অভিনন্দন জানাতে দলের নেতা-কর্মীরা জেলার সীমানা উনত্রিশ মাইল এলাকায় গিয়ে জড়ো হন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে তাঁকে শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আসেন। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহসভাপতি মকবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।