সবুজ আভায় থাকবে আওয়ামী লীগের ২০তম সম্মেলন
জাতীয় পতাকার সবুজ রংকে গুরুত্ব দিয়ে দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রচার চালাবে আওয়ামী লীগ। সবুজ রং বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রাপ্তিরও প্রভাব থাকছে। এ ছাড়া দলের পক্ষ থেকে সম্মেলনের খবর দেশের সব মুঠোফোন গ্রাহকদের কাছে খুদে বার্তার মাধ্যমে পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপপরিষদের সদস্যসচিব হাছান মাহমুদ এ তথ্য জানান।
হাছান মাহমুদ বলেন, সবুজ রংকে গুরুত্ব দিয়ে পাটের সুদৃশ্য ব্যাগ দেওয়া হবে সম্মেলনে। সম্মেলন উপলক্ষে ছাপানো সব প্রকাশনা ব্যাগে দেওয়া থাকবে। প্রকাশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সভাপতির ভাষণ, অভ্যর্থনা উপকমিটির আহ্বায়কের ভাষণ, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, শোকপ্রস্তাব, সম্মেলনের স্মরণিকা, সম্মেলন উপলক্ষে বিশেষ প্যাড, কলম। বিএনপি-জামায়াতের ‘আগুন-সন্ত্রাসের’ ডিভিডিও দেওয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার থাকবে। এ ছাড়া সম্মেলন উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং টেলিভিশনে এক মিনিটের ফিলার প্রচার করা হবে।
খালেদা জিয়ার হজ পালন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আশা করি, খালেদা জিয়া দেশের মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হজ থেকে ফিরে পেট্রলবোমা নিক্ষেপের জন্য জাতির কাছেও ক্ষমা চাইবেন বলে আশা করি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা উপপরিষদের সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, অসীম কুমার উকিল প্রমুখ।