সভা, শোভাযাত্রায় তিন স্থানে মুজিবনগর দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল সকালে তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল সকালে তারাগঞ্জ উত্তর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্থানে গতকাল সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
গতকাল সকালে নেত্রকোনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া পাবলিক হলে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।
শেরপুরের নালিতাবাড়ীতে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন রায়, দপ্তর সম্পাদক রেজাউল করিম, রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহম্মেদ প্রমুখ।
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ইসরাত সাদমীন সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন ও ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম বক্তব্য দেন। এতে উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।