সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াসিম দেওয়ানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই। তাঁরা ছাত্রলীগের নামে বিভিন্ন অপকর্ম করছেন। এক বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়েছে। এতে সংগঠনের ভাবমূতি ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে হাতেম আলী কলেজের নেতারা ছাড়াও বরিশাল কলেজ ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার রাতে সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে মহানগর ছাত্রলীগ।
মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন সেরনিয়াবত জেলা ছাত্রলীগের সভাপতি এবং সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজ আলম ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে সেখানে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই দুটি কলেজের কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল সংবাদ সম্মেলনে হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে শাখা কমিটি বিলুপ্ত করার বিধান নেই।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, ‘সংগঠনের নিয়ম অনুযায়ী কমিটি বিলুপ্ত করা হয়েছে। শাখা সংগঠনের একজন জেলা কমিটিতে এবং অন্যজন ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন। তাই ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন।
মহানগর কমিটির সিদ্ধান্তের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবত বলেন, ‘হাতেম আলী কলেজ কমিটি বিলুপ্তির কথা আজ (গতকাল) শুনেছি। আমাদের না জানিয়ে অবৈধভাবে এটি করেছেন তাঁরা।’