চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিল কেন্দ্রীয় কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। গত বুধবার রাতে এই নোটিশ দেওয়া হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বুধবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঙ্গে বসেছি। এ সময় আমরা তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ে গত সোমবার কেন বিশৃঙ্খলা হয়েছে তার জবাব চেয়েছি। ওই দিনের ঘটনায় জড়িতদের তালিকাও দিতে বলেছি। পাশাপাশি কেন তাঁদের দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেব।’
গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন আলমগীর টিপু ও ফজলে রাব্বীর অনুসারীরা। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের পর পুলিশ দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার এবং দুটি অস্ত্র, ৭০টি রামদাসহ কয়েক বস্তা লাঠিসোঁটা ও পাথর উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করে তিনটি মামলা করেছে।