সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত কমিটির সদস্যরা গতকাল শনিবার এ বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হকের বহিষ্কারের দাবি জানায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। গত ২৩ জুলাই তাঁরা প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দেন। একই দিন ১৫২ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় ‘কাঙ্ক্ষিত পদবঞ্চিত’ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, সাদিকুল ও এনামুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিমের নেতৃত্বাধীন কমিটির অপর দুই সদস্য হলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী এবং সাবেক উপদপ্তর সম্পাদক কবির মো. শহিদুল ইসলাম। গতকাল দুপুরে তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।