নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকায় নোয়াখালী জেলা বিএনপির নতুন কমিটি (আংশিক) পুনর্গঠন করার সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্র জানায়। গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে ১১ সদস্যের জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কমিটি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। একটি সিদ্ধান্তও হয়েছে। তবে সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
গত বছরের ৩০ ডিসেম্বর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম পর্বের বক্তৃতার শেষ দিকে সভাপতি পদের দুই প্রার্থী হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর সমর্থকেরা পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনার দেড় মাস পর কেন্দ্র থেকে জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় আবদুর রহমানকে। যিনি সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব আলমগীর আলোকে। যিনি সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। দুই নেতার মধ্যে আবদুর রহমান নোয়াখালী সদর উপজেলা বিএনপির সর্বশেষ কমিটির সভাপতি ও মাহবুব আলমগীর সাধারণ সম্পাদক ছিলেন।
সভাপতি পদের প্রার্থীকে সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক প্রার্থীকে সভাপতি করে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণার পর থেকে দলের ভেতরে বিতর্ক শুরু হয়। নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ ও সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী। দুই নেতার অনুসারী কর্মী-সমর্থকেরা মানববন্ধন, ঝাড়ু মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সর্বশেষ ২৩ মার্চ জেলা শহরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেন হারুনের সর্মথকেরা।
দলীয় সূত্র জানায়, কমিটি ঘোষণা হওয়ার পর ক্ষুব্ধ হন তিনজন কেন্দ্রীয় নেতা। তাঁদের বাড়ি নোয়াখালীতে। নতুন কমিটি ঘোষণার আগে তাঁদের মতামত নেওয়া হয়নি বলে জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন। এ কারণে গত সপ্তাহে কেন্দ্রীয় নেতারা জেলার বাসিন্দা কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেন।
দলীয় সূত্র জানায়, সভাপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোলাম হায়দারের নাম আলোচনায় রয়েছে। তিনি বর্তমানে কবিরহাট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আর বর্তমান সভাপতি আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হতে পারে। নতুন কমিটির সাধারণ সম্পাদককে কোন পদ দেওয়া হবে তা নিয়েও আলোচনা চলেছে।
কমিটি পুনর্গঠনের বিষয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নেতারা বসে জেলা বিএনপির কমিটি নতুন করে করার সিদ্ধান্ত নিয়েছেন এমন কথা তিনিও শুনেছেন। এ নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই। কেন্দ্রীয় নেতারা যা ভালো মনে করবেন, তাই করবেন।
নাম না প্রকাশের শর্তে জেলা বিএনপির আরেক নেতা প্রথম আলোকে বলেন, সব কেন্দ্রীয় নেতাই নিজের লোককে নেতা বানাতে চান। দলের কী হবে, সে চিন্তা তাঁরা করতে চান না।