সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন ১৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের প্রধান সড়ক ছেয়ে গেছে ব্যানার, তোরণ ও পোস্টারে। ছবিটি শহরের ঝাউতলা এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের প্রধান সড়ক ছেয়ে গেছে ব্যানার, তোরণ ও পোস্টারে। ছবিটি শহরের ঝাউতলা এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

দীর্ঘ এক যুগ পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হচ্ছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা সম্ভাব্য প্রার্থীদের তোরণ, ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে। সম্মেলনে সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাতজন প্রার্থী। আজ রোববার সকাল ১০টায় শহরের শহীদ দৌলত ময়দানে সম্মেলনের প্রথম অধিবেশন এবং বিকেলে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রধান বক্তা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনের বিষয়ে জেলা যুবলীগের সভাপতি খুরশেদ আলম বলেন, ৩২০ জন কাউন্সিলর ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। তৃণমূলের নেতা-কর্মীরা চান, সম্মেলনের মাধ্যমেই জেলা কমিটির নতুন নেতৃত্ব আসুক।
দলীয় সূত্র জানায়, এবার সম্মেলনে সভাপতি পদে লড়ছেন এ কে আহমদ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাতজন। তাঁরা হলেন কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রেজাউল করিম, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাশেদুল হক এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
জানতে চাইলে সাধারণ সম্পাদক প্রার্থী মুজিবুর রহমান বলেন, ‘নেতা-কর্মীদের নিয়ে সব সময় মাঠে ছিলাম, আছি, থাকব। সম্মেলন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেন, ভূমিদস্যু, দখলবাজদের কবল থেকে দলকে রক্ষা করতে কাউন্সিলররা সঠিক নেতৃত্ব বেছে নেবেন বলে তিনি প্রত্যাশা করেন।
২০০৩ সালের ২০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হক সভাপতি ও সালাহ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ মে মোজাম্মেল হকের মৃত্যু হলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান এ কে আহমদ হোসেন। তিনি জেলা কমিটির সহসভাপতি ছিলেন। জেলা কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে নয় বছর আগে।